
কক্সবাজার জেলা জজ আদালতের পেছনের গেটে গোলাগুলির ঘটনায় দায়ের করা অস্ত্র মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। রোববার (৯ আগস্ট) কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. মেহেদী (২২)। তিনি কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরিপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে। র্যাব জানিয়েছে, তিনি কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা অস্ত্র মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
র্যাব-১৫ জানায়, গত ২৪ মে সকাল ১১টার দিকে কক্সবাজার সদর থানাধীন জেলা জজ আদালতের পেছনের গেটসংলগ্ন সড়কে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মইনুদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন জিয়াউল হক (২৮) নামে এক হামলাকারীকে আটক করেন।
ঘটনার পর মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী ঝিলংঝা এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে তথ্য পায় সংস্থাটি।
পরে রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংঝা দক্ষিণ মুহুরিপাড়া শিকদার বাড়ির পেছনের এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
সংস্থাটি আরও জানিয়েছে, কক্সবাজারে অপরাধী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।